logo

তাসনিম ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা

তাসনিম ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা
বিএসটিআইয়ের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর নয়াটোলা এলাকায় তাসনিম ড্রিংকিং ওয়াটারের কারখানা সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বারবার জরিমানা ও সতর্ক করার পরও প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কারখানাটিতে অভিযান চালায় বিএসটিআই।

অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খাতুনের নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তা আজমেরি খান মজলিসের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগেও একাধিকবার তাসনিম ড্রিংকিং ওয়াটারকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছিল। সতর্কের করার পরও প্রতিষ্ঠানটি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা না করায় কারখানাটি সিলগালা করা হয়।

এ বিষয়ে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেসা খাতুন বলেন, ‘এর আগেও এ প্রতিষ্ঠানটিকে একাধিকবার জরিমানা করা হয়েছিল। তাদের কোনো অনুমোদন বা কাগজপত্র নেই। তাই আজ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।’

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও বিধিবিধান মেনে প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।