মিন্টো রোডে ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

সরকারি বাসা ছাড়ার আগে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টাদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত রাজধানীর মিন্টো রোডের বাসায় এই আয়োজনে অংশ নেন সাবেক উপদেষ্টারা।
বিষয়টি নিশ্চিত করে সদ্য বিদায়ি প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে আরও জানান, ড. ফাওজুল কবির খান ও তার পরিবার মিন্টো রোডের বাসভবন খালি করে শনিবার একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে যাচ্ছে।
ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকাগুলো ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেখানেই থেকেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিপাড়ায় অবস্থিত বাংলো ছাড়তে শুরু করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অধিকাংশ উপদেষ্টা ইতোমধ্যে বাসা ছেড়ে দিয়েছেন। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে ‘মন্ত্রিপাড়া’র বিভিন্ন বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের পর বরাদ্দ বাসায় উঠবেন তারা।