logo

মানুষ জানে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে স্বৈরাচার ফিরবে না : প্রেস সচিব

মানুষ জানে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে স্বৈরাচার ফিরবে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, মানুষ জেনে গেছে ‘হ্যাঁ’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) ধামরাইয়ে বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।  

প্রেস সচিব বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে।  জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না। নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মানুষের অধিকার অক্ষুণ্ন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে।

শফিকুল আলম বলেন, মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ ছিল। বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর-আউলিয়াদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে।

তিনি বলেন, মাজারে আক্রমণ খুবই নিন্দনীয় একটি কাজ, জঘন্য একটি কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, আঘাত করা কাম্য নয়। আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেখানে যেতে পারেন। মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির অংশ।  

মাজার আঙিনা ঘুরে দেখে তিনি বলেন, বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে। দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। আমি বলব সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেই সম্প্রীতি যেন বজায় থাকে।

উল্লেখ্য, ২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোকেরা ভেঙে দেয়। দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়।  ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে। সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে।

মাজার পরিদর্শনে প্রেস সচিবের সঙ্গে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি।