logo

ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিতে পুরোপুরি প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিতে পুরোপুরি প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: এশিয়া পোস্ট

দেশের সব জেলায় ছড়িয়েছে ডেঙ্গুর প্রকোপ। ইতোমধ্যে চলতি বছর মশাবাহিত ভাইরাসটির শিকার প্রায় ৮০ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, মারা গেছে প্রায় আড়াইশ জন। এমতাবস্থায় ডেঙ্গুতে আক্রাস্তদের চিকিৎসায় সরকারের স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ​রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশকে পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তাপুষ্ট 'স্ট্রাইডস্' কার্যক্রমের আওতায় এই সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা এসব কিট স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

​এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারিভাবে পর্যাপ্ত অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত।

​

দেশে ডেঙ্গু টিকা চালুর বিষয়ে সরকারের ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকার ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও সুরক্ষা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

​অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান এবং মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।