ভারতে মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। নাক-কান-গলা বিশেষজ্ঞ এই চিকিৎসক আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান।
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে তার পাঠদানের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেডিকেল কলেজটির ইউটিউব চ্যানেলে ফুটেজটি প্রকাশিত হওয়ায় বিষয়টি সামনে আসে।

ভিডিওতে দেখা যায়, তিনি একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে নাক-কান-গলা (ইএনটি) বিষয়ক পাঠদান করছেন। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিষয়ক তথ্য প্রদর্শন হচ্ছে।
গত ৬ জুন প্রকাশিত ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৫-২৬ ব্যাচের অ্যানাটমি বিষয়ের মানব কর্ণ নিয়ে লেকচার দিচ্ছেন চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। আলোচনার মূল বিষয় অটোস্ক্লেরোসিস এবং অটোস্পঞ্জিওসিসের ক্লিনিক্যাল অ্যানাটমি। চলতি বছরের ১৫ মে ক্লাসটি নেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর মতো তিনি আত্মগোপনে চলে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের স্বনামধন্য বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক লাভ করেন। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে এমপি নির্বাচিত হন।





