
নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদন নিষ্পত্তি করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে আবেদনের সংখ্যা বাড়লেও নিষ্পত্তির অগ্রগতি হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। তবে সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডির আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদন বাতিল করা হবে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। আবেদন বাতিল হওয়া ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।
সাইফুল ইসলাম জানান, নির্বাচন কমিশনে এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।

