নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে কাজ করছে বিজিবির ২৩ টিম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিশেষ দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩টি টিম।
মঙ্গলবার (২৬ মে) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব টিম মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় চারটি টিম; পদ্মা সেতু ও ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ছয়টি টিম; মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় চারটি টিম দায়িত্ব পালন করছে।
এছাড়া গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি টিম; যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে দুটি; চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় একটি; খুলনার রূপসা ও খান জাহান আলী সেতু এলাকায় একটি; কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় একটি; লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে দুটি এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় একটি টিম মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা গত ২১ মে থেকে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
