Advertisement

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

এশিয়া পোস্ট নিউজ
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচির ওপর নির্ভরতার হার বেশি থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই স্থগিতাদেশ কার্যকর করেছে এবং এতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে। অর্থাৎ, ওই তারিখের পর থেকে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে।

এর আগে, ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয় কোন কোন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণ করছেন।

‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম।

তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল।

এই তালিকায় দক্ষিণ এশিয়ার ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল এই চার দেশও রয়েছে।