logo

গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রিজভী

গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রিজভী
কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিজেদের এক ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুজ্জীবনের আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই সংগঠনটি আজ দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।

বিগত সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে সাজাও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তারা গণতান্ত্রিক আন্দোলন ও দায়িত্ব পালন থেকে কখনো পিছপা হননি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক পুনর্গঠন ও সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এ সংগঠন।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে উঠে এসেছেন। তারা আজ যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।