logo

ট্রেনের ভাড়া এখনই বাড়বে কি না জানালেন রেলমন্ত্রী

ট্রেনের ভাড়া এখনই বাড়বে কি না জানালেন রেলমন্ত্রী
লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে ব্রিফিং করছেন শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয় থেকে রেলের ভাড়া বাড়ানোর চাপ আছে, নাহলে লোকসান আরও বাড়বে। আমরা ১০ বছর রেলের ভাড়া বাড়াইনি। জনগণের প্রতি আমাদের মনোযোগ, দায়বদ্ধতা আছে।

এবার ভাড়া বাড়ানোর খুব চাপ আছে জানিয়ে মন্ত্রী বলেন, নাহলে আরও লোকসান হবে। তবুও এখন রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিইনি। বলেছি ভাড়া না বাড়িয়ে যা আছে তা যাতে রাখা যায়। ফলে আপাতত আগের ভাড়া থাকছে।

রেলের ভাড়া না বাড়ানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, একান্তই যদি ভাড়া বাড়ে, সেটি যৌক্তিক বাড়বে।

শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।

সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

ভাড়া বৃদ্ধি কাম্য নয় জানিয়ে নৌপরিবহন মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি।