পাহাড় থেকে পড়ে বন্য হাতি গুরুতর আহত, দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

এশিয়া পোস্ট ডেস্ক
পাহাড় থেকে পড়ে বন্য হাতি গুরুতর আহত, দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গিয়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। আহত হাতিটিকে দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইট্যাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা ও বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয় এবং হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় হাতিটি দুর্ঘটনার কবলে পড়ে। ইতোমধ্যে হাতিটির চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণি অধিদপ্তরের চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে গেছেন। হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী এই অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছেন, বন্য হাতিটির পা ও বুকের ক্ষত স্থানে সেলাই করা হয়েছে। সেই সঙ্গে বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় হাতিটির পেছনের দু’টি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পেটেও কিছুটা ক্ষত হয়েছে।