দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর

এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর
বাছির আদনান। ছবি: সংগৃহীত

অসুস্থ স্ত্রীকে দেখতে কাতার থেকে বিমানবন্দরে নেমেই ‘হত্যা মামলায়’ গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাছির আদনান।

Advertisement

শনিবার (২৭ জুন) রাত তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া বাছির আদনান সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য এবং দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের বিশ্বস্ত সূত্র জানায়, আদনানের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা এবং আবু বকরকে হত্যাচেষ্টা মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আদনান গোপনে দেশ ত্যাগ করেন। বর্তমানে তার স্ত্রী অসুস্থ। তাকে দেখার জন্য আদনান দেশে এসেছিলেন। আসার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কুমিল্লার দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।