জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

এশিয়া পোস্ট নিউজ
জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান
এ কে এম ওয়াহিদুজ্জামান। ছবি: সংগৃহীত

শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্মতি জ্ঞাপন করেছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র (ডিও লেটার) থেকে এ তথ্য জানা গেছে।

ওই পত্র অনুযায়ী, সরকার এ কে এম ওয়াহিদুজ্জামানকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ গ্রেড-৩ ভুক্ত পদ ও বেতনে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।

ডিও লেটারে বলা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম সুচারু ও গতিশীল রাখতে নিয়োগ দেওয়া হচ্ছে ওয়াহিদুজ্জামানকে। বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকসমূহে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণ ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পত্রে তার নিয়োগ-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

শিক্ষা, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জলবায়ু বিশেষজ্ঞ এ কে এম ওয়াহিদুজ্জামান। তিনি বর্তমানে জুনিভান হোল্ডিং ইনস ডট -এ ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।