logo

পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার
পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) আয়োজিত সভায় কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: এলসিসিআইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

অতীতের বিষয়গুলো পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। তার নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার পরিদর্শন করেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Advertisement

হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান সফর তার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে তাকে যে আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা জানানো হয়েছে, তা প্রশংসনীয়। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজনের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ করা যেতে পারে।

সভায় স্বাগত বক্তব্য দেন লাহোর চেম্বারের সভাপতি আলী হুসাম আসগর। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

আলী হুসাম আসগর বলেন, বাংলাদেশের শিল্প খাতের উন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ প্রশংসনীয়। বাংলাদেশের এসব অভিজ্ঞতা থেকে পাকিস্তানও উপকৃত হতে পারে।

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। এ ছাড়া লাহোর চেম্বারের সিনিয়র সহসভাপতি সরদার উসমান ঘানি এবং সহসভাপতি চৌধুরী খাদিম হোসেন বক্তব্য দেন।

সিনিয়র সহসভাপতি সরদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের সহসভাপতি চৌধুরী খাদিম হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদ সদস্য ও বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি নাসের রহমান উপস্থিত ছিলেন।