পুলিশের জ্বালানি ও ভ্রমণ ব্যয় শতভাগ ব্যবহারের অনুমোদন

পুলিশের জ্বালানি, বিদ্যুৎ ও ভ্রমণ ব্যয়সহ কয়েকটি খাতে বরাদ্দকৃত অর্থের শতভাগ ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখা-৬ থেকে জারি করা এক সরকারি পত্রে এ অনুমোদনের কথা জানায়।
সিদ্ধান্ত অনুযায়ী, ‘পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট’, ‘বিদ্যুৎ’, ‘গ্যাস ও জ্বালানি’ এবং ‘ভ্রমণ ব্যয়’ বা টিএ বিল খাতে আগে যেখানে ৭০ শতাংশ ব্যয় করার সীমা ছিল, সেখানে এখন বরাদ্দের পুরো অর্থই অর্থাৎ শতভাগ ব্যয় করা যাবে।
পত্রে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের ৫ এপ্রিলে ৫৯৬ নম্বর পরিপত্রের ৪ নম্বর শর্ত শিথিল করে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোনো দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যাবে না।
অর্থ বিভাগের উপসচিব নাহিদ সুলতানা স্বাক্ষরিত ওই পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। এর অনুলিপি অর্থ বিভাগের বাজেট-১ অধিশাখা এবং প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার কাছেও পাঠানো হয়।