আগস্টে দেশে ২৫২ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে মোট ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ১৫টি জাতীয় দৈনিক ও ২টি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন (৩৬ জন কন্যা ও ১৮ জন নারী)। এর মধ্যে ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন, যার মধ্যে ৮ জনই শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪ জনকে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন, যার মধ্যে ২৪ জনই শিশু। এর মধ্যে ১৪ জন যৌন নিপীড়ন, ৯ জন উত্ত্যক্তকরণ এবং ৭ জন সাইবার সহিংসতার শিকার হন।
এ ছাড়া আগস্টে বিভিন্ন কারণে ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন (১০ শিশু ও ৪৫ নারী) এবং ২৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নির্যাতনের মুখে ৩ শিশুসহ ১৪ জন আত্মহত্যা করেছেন এবং ১ জনকে হত্যা/আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে।
অন্যান্য অপরাধের মধ্যে অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন (মৃত্যু ২), যৌতুকের কারণে নির্যাতিত ৬ জন (নিহত ৩) এবং গৃহকর্মী নির্যাতনের শিকার ৫ জন (নিহত ৪)। পাশাপাশি ২ শিশু অপহরণের শিকার হয়েছে, ৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারী ও শিশুদের ওপর এই সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।



