Advertisement

পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

এশিয়া পোস্ট প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ফায়ার সার্ভিস মহাপরিচালক
‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে কথা বলছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। রোববার সদর দপ্তরে। ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, জীবন ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া দান এবং অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।

অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র এবং অর্থ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

স্বাগত বক্তব্যে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন। পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন। তিনি মহাপরিচালকের প্রশংসা পুরস্কার প্রবর্তনের জন্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের ওপর তার নিবিড় নজরদারির ভূয়সী প্রশংসা করেন। পরে বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে অংশ নেন।