জুলাই সনদের কিছু অংশ নিয়ে বিতর্ক আছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। জুলাই সনদের কিছু অংশ নিয়েও বিতর্ক আছে। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয় সমাধানের উদ্যোগ নেবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার অনৈতিক বা পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা মেনে নেবে না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার।
আইনমন্ত্রী বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। বিগত সরকারের সময় বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল।
তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন। এসব আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। যা থেকে সবাইকে সরে আসতে হবে। ‘১৯৭১’ কিংবা সাম্প্রতিক ইস্যু নিয়ে বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা কমে এসেছে। সরকার জনকল্যাণে কাজ করছে। এই অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সঞ্চালনা করেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।
আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এর আগে আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী। তিনি জেলা জজ ও দায়রা জজ পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। একইসঙ্গে সংস্কারে আশ্বাস দেন।