logo

৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলবে অফিস-আদালত। এতে আবারও আগের রূপে ফিরবে রাজধানী ঢাকা।

শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপন হয়েছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭-২৩ মার্চ মোট সাত দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

এদিকে সাত দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। যাত্রাপথে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে পরিবার-পরিজন নিয়ে ফিরছেন এই কর্মব্যস্ত শহরে।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, রেলপথে ঢাকায় ফিরেছেন অনেকে। যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন তারা। আবার ঈদের তৃতীয় দিনেও রেলপথে রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে যাচ্ছেন তারা।

সড়কপথেও একই অবস্থা। সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল এলাকা দিয়ে কিছু কিছু মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেছে। তবে তেমন ভিড় নেই, স্বস্তিতে ফিরতে পারছেন যাত্রীরা। ঈদপরবর্তী ছুটি পেয়ে সড়কপথেও অনেকে বাড়ি ফিরছেন।

দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ফিরছেন নৌপথে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোররাত থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে। তবে ঈদযাত্রায় লঞ্চগুলোতে যেমন অতিরিক্ত যাত্রী দেখা যায়, তেমনটি ছিল না। বেশিরভাগ লঞ্চেই ধারণক্ষমতার কম যাত্রী এসেছে। এতে যাত্রীরাও ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরেছেন। তবে আজ বিকাল থেকেই যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছেন লঞ্চের কর্মীরা।

অন্যদিকে অফিস খোলার এক দিন পর আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। তাই অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।