logo

বিএনপি নেতার সঙ্গে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবি এআই দিয়ে তৈরি

বিএনপি নেতার সঙ্গে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবি এআই দিয়ে তৈরি

সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ কর্মকর্তার বৈঠকের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। তবে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে অনুসন্ধানি সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

পোস্টে জানানো হয়, ফেসবুকে ‘Shafin Rahman’ নামক একটি অ্যাকাউন্ট থেকে চারটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, বিএনপির দুজন কেন্দ্রীয় নেতা (আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আউয়াল মিন্টু) ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। 

ছবিগুলো ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে ভারতের রাজধানী নয়াদিল্লির ওবেরয় হোটেলের দাবি করে পোস্টে আরও জানানো হয়, কয়েকটি OSINT প্ল্যাটফর্মের বরাতে ছবিগুলো পাওয়া গেছে এবং মেটা ডাটা চেক করে ছবির সত্যতা শতভাগ নিশ্চিত হওয়া গেছে। তবে, দ্য ডিসেন্টের অনুসন্ধান ও বিশ্লেষণ বলছে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

প্রথমত, পোস্টের বর্ণনা অনুযায়ী চারটি ছবির মধ্যে দুটিতে দেখা যাচ্ছে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু ‘র’ কর্মকর্তার সঙ্গে একটি হোটেলের লবিতে বৈঠক করছেন। অন্য দুটিতে দেখা যাচ্ছে আমীর খসরু মাহমুদ চৌধুরী একই কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।

স্যুট পরা আমীর খসরুকে দেখা যাচ্ছে এমন একটি ছবির মূল সংস্করণটি নয়াদিল্লির Oberoi হোটেলের Google Review-তে Ranjan Jha নামক একজন কাস্টমারের অ্যাকাউন্টে পাওয়া গেছে, যা ৬ বছর আগে পোস্ট করা হয়েছিল।

মূল ছবির সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে, ছবিটিকে এআইয়ের সাহায্যে বিকৃত করে তাতে দুজন ব্যক্তির বসে থাকার দৃশ্য যুক্ত করা হয়েছে। এআই দিয়ে সম্পাদনার পরও বিকৃত ছবিতে এমন কিছু মিল ও গরমিল রয়ে গেছে যেগুলো থেকে স্পষ্ট হয়, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি Ranjan Jha-এর ছবির সম্পাদিত সংস্করণ।

দ্বিতীয়ত, দ্য ডিসেন্ট চারটি ছবি তিনটি ওপেনসৌর্স এআই ইমেজ ডিটেক্টর টুলে চেক করলে টুলগুলো তিনটি ছবির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তবে, আব্দুল আউয়াল মিন্টুর সাথে আরও এক ব্যক্তির বসে থাকার ছবিটি এআই দিয়ে তৈরি বলে সিদ্ধান্ত দিয়েছে (একটিতে ৮৫ শতাংশ, আরেকটিতে ১০০ শতাংশ)।

তৃতীয়ত, পোস্টের দাবি অনুযায়ী আমীর খসরু এবং মিন্টু তিনটি ভিন্ন ভিন্ন বছরে কথিত ‘র’ কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে খসরু এবং মিন্টুর সঙ্গে ভিন্ন ভিন্ন বছরের দুটি ছবি দেখা যাচ্ছে প্রায়ই একই এঙ্গেলে তোলা এবং উভয় ছবিতে ক্যামেরা এবং বৈঠকরত ব্যক্তিদের মধ্যে প্রায় একই ঢঙে প্রায় একই চেহারা ও শারীরিক গঠনের অন্য আরেকজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে, যা ছবিগুলোর এআই দিয়ে তৈরি হওয়ার প্রতিই ইঙ্গিত করে। কাছাকাছি সময়ে কাছাকাছি রকমের প্রম্পট দিয়ে ছবি জেনারেট করলে ছবিতে এমন মিল থাকে। কিন্তু বাস্তবে ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠকে এমন একাধিক চরিত্রের শারীরিক অঙ্গভঙ্গি এভাবে মিলে যাওয়া অস্বাভাবিক।

চতুর্থত, Shafin Rahman তার পোস্টের কমেন্টে ছবিগুলোর সৌর্স হিসেবে একটি ভিডিও শেয়ার করেছেন, যা মূলত একইদিন Indus Sentinel Grid নামক একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়। অর্থাৎ, Shafin Rahman-এর পোস্ট করা ছবিগুলো মূলত Indus Sentinel Grid-এর প্রকাশ করা।

এই হ্যান্ডেলটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি পাকিস্তান থেকে পরিচালিত এবং এটির জন্ম হয়েছে গত বছরের জুলাই মাসে। অ্যাকাউন্টটির সাম্প্রতিক ২০টিরও বেশি পোস্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে, ভিত্তিহীন, সূত্রহীন এবং ভুয়া এবং চটকদার বিভিন্ন বিষয় তাতে প্রকাশ করা হয়; যার বেশিরভাগই ভারত এবং আফগানিস্তান সংক্রান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে এই দুটি দেশ নিয়ে বিদ্বেষমূলক।

যেহেতু ছবিগুলো এআই জেনারেটেড হিসেবে প্রমাণিত, ফলে এগুলোর ‘মেটা ডাটা চেক করা’র দাবিটিও অসত্য বলে জানায় দ্য ডিসেন্ট।