বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে : মির্জা ফখরুল

বিএনপির ইশতেহার প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সূচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নতুন শুরুর আশায় আজ দেশের মানুষ অপেক্ষা করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ এখন একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান জাতি সবসময় মনে রাখবে।
তিনি আরও স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক ধারা তৈরি করেছিলেন এবং সব গণতান্ত্রিক শক্তিকে একত্র করেছিলেন।
দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তরুণ ও দূরদর্শী নেতা হিসেবে তারেক রহমান আসন্ন নির্বাচনের জন্য দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন।’
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে তারেক রহমান নতুন ভাবনা ও বার্তা নিয়ে এগিয়ে আসছেন। তার নেতৃত্বে দেশে একটি নতুন সূর্যোদয় হবে, এই প্রত্যাশায় দেশের মানুষ তাকিয়ে আছে।
শেষে তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে এই নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে একটি নতুন ইতিহাস গড়ে তোলা হোক।