মজুরি বোর্ডের সভা শুরু, মালিকপক্ষ দিতে পারে ১৪৩০০ টাকা বেতনের প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপনের কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে এ সভা শুরু হয়।
মালিকপক্ষের একটি সূত্র এশিয়া পোস্টকে জানায়, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১১৫ ডলার বা প্রায় ১৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ। বর্তমানে প্রচলিত ১২ হাজার ৫০০ টাকার তুলনায় এটি ১ হাজার ৮০০ টাকা বেশি।
তবে মালিকপক্ষের অপর একটি সূত্র জানায়, তারা সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির জন্য নিজেদের মধ্যে প্রাথমিক আলাপ সম্পন্ন করেছেন।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।
অন্যদিকে, দাপ্তরিক কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ।
গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। ওই বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়। এবার নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের লক্ষ্য রয়েছে বলে বোর্ডের চেয়ারম্যান আগেই জানিয়েছেন।
এদিকে সকাল থেকে সেগুনবাগিচার শ্রম ভবনের সামনে দুটি শ্রমিক সংগঠনের ব্যানারে মানববন্ধন চলছে। মানববন্ধনে বক্তারা নিজেদের দাবি করা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকায় অনড় অবস্থানের কথা জানান।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রূপালী আক্তার এশিয়া পোস্টকে বলেন, কিছুক্ষণ আগে সবাই ভেতরে প্রবেশ করেছেন। আশা করি আজ সরকারের মধ্যস্ততায় মালিকপক্ষ শ্রমিকদের বেঁচে থাকার আকুতি আমলে নেবে। আমরা আজকের সভার সিদ্ধান্তের অপেক্ষায় এখানে অবস্থান করছি। আমরা কোনো আন্দোলন চাই না। আমরা কাজে ফিরে যেতে চাই। একই সাথে আমরা ন্যূনতম স্বাভাবিক জীবনের গ্যারান্টি চাই। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের ছাঁটাই হওয়া শ্রমিক ভাইবোনদের কাজে ফিরিয়ে নিতে হবে।
