স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণে আজ সোমবার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকে বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা-পরবর্তী পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ডিসিদের মতামত নেওয়া হবে। বৈঠকের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থগিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে। এরপর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
তিনি জানান, কবে থেকে পরীক্ষা শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়ার লক্ষ্য রয়েছে। সোমবার রাতের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈরী আবহাওয়া ও ভয়াবহ বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত রয়েছে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং সড়ক যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে চট্টগ্রাম বোর্ড ও বিভাগের পাঁচ জেলার মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এতে আরও বলা হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রতিটি বিষয়ের জন্য তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২ জুলাই শুরু হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
.png)






