শাহজালালে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে।
মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের বেসামরিক বিমান চলাচল খাতে আজ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
তিনি প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, থ্যালেসের সরবরাহকৃত প্রযুক্তি আকাশসীমা ব্যবস্থাপনায় সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিমান চলাচল খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠিত এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার দেশের আকাশপথ ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করেছে। দীর্ঘদিনের সীমাবদ্ধতা অতিক্রম করে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এটিএম-সিএনএস সিস্টেম চালুর মাধ্যমে নিরাপত্তা, দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে। এ উদ্যোগ বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।