১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

দেশে শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। ১৫ মাস বয়সি সব শিশুকে এই টিকা দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ তথ্য জানিয়েছে।
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা পাওয়া যাবে। শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিসিভি দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে একই সময়ে টিসিভি দেওয়া যাবে।
টিকা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও চালু করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সি শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করবেন।





