গোপালগঞ্জে হামলার শিকার ডা. অসীমকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

প্রধানমন্ত্রীর নির্দেশনায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. অসীম কুমার ধরকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. অসীম কুমার।
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন ডা. বিটু।
এ সময় তিনি আহত ডা. অসীম কুমারের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা ছাড়াও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
ডা. বিটু বলেন, ‘দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন।’
রোগীর স্বজনদের প্রতি সহনশীল ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি হাসপাতালে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াসিম, সহযোগী অধ্যাপক ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ, ডা. মো. তফিজুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।
গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন ডা. অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় রোগীর স্বজনরা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। এ সময়ে আহত হয়ে তিনি বুকে ব্যথা ও চাপ অনুভব করেন।
তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।



