বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ কালো দিন: সাদিক কায়েম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদসহ পাঁচ সাংবাদিককে জোরপূর্বক চাকরিচ্যুতের ষড়যন্ত্র করা হয়েছে—এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ডাকসু ভিপির ফেসবুকে পাঁচ সাংবাদিককে চাকরিচ্যুতের অভিযোগে পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে সাদিক কায়েম লেখেন, বাসসের এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন ও মোহাম্মদ আজহারুজ্জামানকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, তাদের কাউকে জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এবং কাউকে অফিস প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
তিনি আরও লেখেন, বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন। বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে গণমাধ্যমের জন্য বিশেষ পুরস্কার। তাদের অপরাধ? তাদের অপরাধ হলো জুলাইয়ের পক্ষে থাকা। জুলাইকে ধারণ করা।
সাদিক কায়েম দাবি করেন, চব্বিশের জুলাই বিপ্লবে নয় দফা প্রচারে এই সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। জুলাইপন্থি সাংবাদিক হওয়ার কারণে তাদেরকে আজ হেনস্তা করা হয়েছে। মব করে চাকরিচ্যুত করা হচ্ছে।
সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে সবশেষে ডাকসু ভিপি বলেন, সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কারও ওপর জুলুম করা চলবে না।