শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ১৮টি বড় মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নতুন এ ব্যবস্থায় বিমান থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউসার মাহমুদ জানান, বেবিচকের এ উদ্যোগের আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর বসানো হয়েছে, যেখানে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, ‘নতুন ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন যাত্রীরা। এতে লাগেজ কোথায় রয়েছে এবং কীভাবে তা বেল্টে পৌঁছাচ্ছে, সে সম্পর্কে যাত্রীরা আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে বেবিচক।’
কাউসার মাহমুদ বলেন, ‘বিমানবন্দরে লাগেজ পেতে বিলম্ব, লাগেজের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের উদ্বেগ কমানোর পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রম দৃশ্যমান হওয়ায় লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।’
বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বলে জানিয়েছে বেবিচক।

