ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে ভ্যাপসা গরম আগের তুলতে বাড়তে পারে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।