Advertisement

‘সাকিব-হাসিনা যেই হোক, নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে’

এশিয়া পোস্ট নিউজ
‘সাকিব-হাসিনা যেই হোক, নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার সেগুলো তারা পাবেন।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জহেদ উর রহমান বলেন, শুধু সাকিব আল হাসান নয় শেখ হাসিনাও বাংলাদেশে আসলে পূর্ণ নিরাপত্তার সাথে আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। এরপর আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটা সবাই মেনে নেব। এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র।

এ সময় ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এ ব্যাপারে আমরা টাফ আছি। দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে যে আলাপ করছি, সেটির অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে তৈরি করতে হবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কথা ছিল। আমরা একজন মৃত্যুদণ্ড আসামিকে ফেরত চাই, দেশে আইনের আওয়তায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, এবার রীতিমতো সংবাদ সম্মেলন করেছেন। এ ব্যাপারগুলোকে ভারতকে আন্তরিকভাবে নিতে হবে। এ বার্তা শক্তভাবে দেওয়া হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১৮০ দিন পূর্তির পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে—সরকারের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রী ও মন্ত্রণালয়গুলোর কাজের মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। একসময় শিক্ষার্থীদের যেনতেনভাবে নম্বর দেওয়া ও পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল।

তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে এক দিন জুলাই স্মৃতি জাদুঘরে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা ধরনের আলোচনা ও সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সব কথা ভুল প্রমাণ করে জাদুঘরটি চালু করা হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘর পরিচালনা ও ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা দেখা দিলেও বর্তমানে সেসব সমস্যা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।