গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশের বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলল র্যাব

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল পুলিশ সদর দপ্তর। তবে এটিকে ‘ভিত্তিহীন’ বলছে র্যাব। তাদের দাবি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় জাতীয় সংসদ ভবন, পুলিশ-সেনা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অস্ত্রাগারে বোমা বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা হতে পারে বলে সতর্ক করা হয়।
বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হুমকির কোনো ‘ভিত্তি’ নেই।
সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, আমরা এ মুহূর্তে এমন কোনো থ্রেট (হুমকি) দেখছি না। তবে যে কোনো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট (মাঠে অবস্থান) রয়েছে। আমরা আশা করি, অপরাধীরা এ ধরনের সাহস করবে না।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুর রহমান, রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট স্থাপন করা হচ্ছে।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে মিলে কাজ করার পাশাপাশি রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাবে বলেও জানান র্যাব-২ এর অধিনায়ক।