শাহজালাল বিমানবন্দরে শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান রাতে জানান, গ্রেপ্তার অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তিনি থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের একটি বিশেষ দল তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার ট্রাভেল ট্রলিতে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযানে তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড এবং তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
অভিজিৎ দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে রাজিউর রহমান জানান, তিনি ভারতের বনগাঁ রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন। একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভারতের নিম্ন আয়ের মানুষদের ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে তাঁদের মাধ্যমে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে বাংলাদেশে মাদক পাচার করা হয় বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, চক্রটি বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছিল। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার কথা ছিল অভিজিৎ দাসের।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
