জ্বালানি তেলের দাম বাড়ার পর যে বার্তা দিল মালিক সমিতি

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের প্রতি সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে, বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগের নির্ধারিত দামের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকায় উঠেছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে ২০ টাকা বেড়েছে— যা সর্বোচ্চ। এ ছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে।