বাংলাদেশ ব্যাংকে চোরের রাজত্ব কায়েম হয়েছে: সাবেক এনবিআর চেয়ারম্যান

বালিতে তেল পড়লে যেমন উদ্ধার করা যায় না, ব্যাংক খাতের অবস্থা এখন অনেকটা তেমন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ব্যাংকিং খাতের বর্তমান অস্থিরতা ও সংকটের প্রধান কারণ হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং তদারকি প্রতিষ্ঠানের চরম ব্যর্থতা। বাংলাদেশ ব্যাংক যেভাবে কঠোর নিয়মে কাজ করার কথা ছিল, দলীয়করণের কারণে তা সম্ভব হয়নি। একসময় বাংলাদেশ ব্যাংক অত্যন্ত গর্বের প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন সেখানে দুর্নীতিবাজদের রাজত্ব কায়েম হয়েছে বলে।
তিনি আরও বলেন, অদক্ষতা ও দুর্নীতির কারণে ইসলামী ব্যাংকের মতো একসময়ের ভালো প্রতিষ্ঠানগুলোও আজ সংকটের মুখে পড়েছে। বেসিক ব্যাংকের লুটপাটের ঘটনাগুলো রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতর থেকে আর্থিক সিস্টেমকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করেছে। অযোগ্য ব্যক্তিদের ঋণ সুবিধা দেওয়া এবং ঋণ খেলাপিদের প্রশ্রয় দেওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এনবিআরের সাবেক এই চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া রিজার্ভ চুরির অর্থ বা বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা বর্তমান প্রেক্ষাপটে প্রায় অসম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনসহ অন্যান্য তদারকি সংস্থাগুলো শক্তিশালী না হলে ব্যাংক খাতের কোনো সংস্কারই কার্যকর হবে না। ব্যাংক থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচারের সংস্কৃতি বন্ধ না হলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। ব্যাংক খাতের সংস্কারে দক্ষ ও সৎ কর্মকর্তা নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
