logo

সাংবাদিককে কারাগারে পাঠানোর ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ

সাংবাদিককে কারাগারে পাঠানোর ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের জেরে দায়ের করা মামলায় রেজানুর ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, এ ঘটনা বিএনপির নির্বাচনী ইশতেহার এবং রাষ্ট্র সংস্কারবিষয়ক ৩১ দফা কর্মসূচিতে ঘোষিত গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

সংগঠনটির মতে, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকারের জন্য দেশে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে প্রেস কাউন্সিলে অভিযোগ জানানো বা প্রচলিত আইনের আওতায় প্রতিকার চাওয়ার সুযোগ আছে। কিন্তু বর্তমান ঘটনায় একজন সাংবাদিকের করা মামলায় আরেকজন সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটেছে। বর্তমান ঘটনাকে সেই উদ্বেগজনক প্রবণতার পুনরাবৃত্তি হিসেবে দেখছে সম্পাদক পরিষদ।

সংগঠনটি মনে করে, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার ও কারাবন্দী করার প্রবণতা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের অধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।

বিবৃতিতে বলা হয়, বগুড়ার এ ঘটনা সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থানের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

সম্পাদক পরিষদ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবর্তে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রতিকার ব্যবস্থা কার্যকর করার আহ্বান জানিয়েছে।