সেই দুই নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

ঈদুল আজহার দিন কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া দুই উপসচিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের সাময়িক বরখাস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এই দুই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তের আদেশাধীন ছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ১ জুন (আজ) থেকে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে ঈদুল আজহার পরদিন গত শুক্রবার কোনো প্রটোকল ছাড়াই প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রী রাজধানীর এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরেই পড়ে থাকতে দেখেন। পরে তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেন।
সেদিনই মো. সাদেকুর রহমান ও কাজী সালেহ মুস্তানজিরকে দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
