Advertisement

গণপরিবহনের জন্য আসছে কঠোর নিয়ম, না মানলে মিলবে না রেজিস্ট্রেশন

এশিয়া পোস্ট নিউজ
গণপরিবহনের জন্য আসছে কঠোর নিয়ম, না মানলে মিলবে না রেজিস্ট্রেশন
ছবি: সংগৃহীত

দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকিং ডিভাইস লাগানো এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যেসব গাড়িতে সচল জিপিএস থাকবে না, সেগুলোকে নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে নতুন সব গণপরিবহন নিবন্ধনের সময় জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গাড়ি নিবন্ধনের সময় বা পুরোনো গাড়ির ফিটনেস সনদ নবায়নের সময় বিআরটিএ অফিসে জিপিএস ডিভাইস বসানোর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ ছাড়া বিআরটিএ কর্মকর্তাদের সামনে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি যে সঠিকভাবে কাজ করছে, তার প্রমাণও দেখাতে হবে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ নম্বর ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ নম্বর বিধি অনুযায়ী গাড়িতে জিপিএস সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের কাগজ ইস্যু করা হবে।

গাড়িতে কী ধরনের জিপিএস ডিভাইস ব্যবহার করতে হবে, তার কারিগরি বিস্তারিত বিআরটিএর স্থানীয় যেকোনো কার্যালয় অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বিষয়ে দেশের সব পরিবহন মালিক ও প্রতিনিধিদের সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং নতুন নিয়ম বাস্তবায়নে সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।