logo
Advertisement

নেপালের বন্যাদুর্গতদের ১২ কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নেপালের বন্যাদুর্গতদের ১২ কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে অর্থসহায়তা ও প্রধানমন্ত্রী চিঠি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : এশিয়া পোস্ট

নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার। নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এ সহায়তা দেওয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে এ সহায়তার কথা জানান।

এ সময় তিনি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও নেপালের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনরুদ্ধার এবং মানবিক কার্যক্রমে সহায়তা করতেই বাংলাদেশ সরকার এ আর্থিক অনুদান দিয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নেপালের এই মর্মান্তিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

গত ২৬ আগস্ট নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ১ হাজার ২২২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল।