মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপে বিজিআইএম’র উদ্বেগ

এখন টিভি কর্তৃপক্ষ তাদের কর্মীদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর সেন্সরশিপ বা বিধিনিষেধ আরোপে গভীর উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজিআইএম)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।
এতে বলা হয়, এখন টিভির চারজন সিনিয়র সাংবাদিককে শোকজ নোটিশ প্রদান এবং সাত দিনের জন্য নিউজরুমে প্রবেশে নিষেধাজ্ঞা—এমনকি ভবনের নিরাপত্তাকর্মীদের কাছে তাদের ছবি সরবরাহ করে পথরোধ করার খবরে বিজিআইএম গভীর উদ্বেগ প্রকাশ করছে।
তাদের এই শাস্তির কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডকে উল্লেখ করা হয়েছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি একটি গুরুতর এবং অপেশাদার পদক্ষেপ, যা যথাযথ আইনি প্রক্রিয়া, কর্মক্ষেত্রে অধিকার এবং সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে স্পষ্ট প্রশ্ন তোলে।
বিজিআইএম’র হাতে আসা একজন সাংবাদিকের শোকজ চিঠিতে তার একটি ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়েছে যেখানে লেখা ছিল, ‘পোস্ট ডিলিট করেন, না হলে টিভি আর সাংবাদিকদের বিপদ হবে।’ আপাতদৃষ্টিতে এই লেখায় এমন কিছু নেই, যা কোনো প্রতিষ্ঠানের জন্য স্পর্শকাতর হতে পারে।
এখন টিভি কর্তৃপক্ষ তাদের কর্মীদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে ধরনের সেন্সরশিপ বা বিধিনিষেধ আরোপ করেছে, তাতে বিজিআইএম বিস্মিত।
যে কোনো শৃঙ্খলামূলক বিষয় স্বচ্ছ লিখিত নীতিমালা এবং সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত—যেখানে সুনির্দিষ্ট কারণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আনুপাতিক ব্যবস্থা থাকবে। নিরাপত্তাকর্মী দিয়ে পথ আটকে ভীতি প্রদর্শন কোনো সমাধান হতে পারে না।
এখন টিভির মালিকপক্ষ এবং সম্পাদকদের উচিত অবিলম্বে এই পদক্ষেপের ভিত্তি স্পষ্ট করা, কোন নীতিমালার অধীনে এটি করা হয়েছে, তা প্রকাশ করা এবং পুরো প্রক্রিয়াটি আইনত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা। একইসঙ্গে অবিলম্বে সাংবাদিকদের নিউজরুমে প্রবেশের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে বিজিআইএম।