logo

বিমানবন্দরের ভিআইপি এলাকায় উড়ছিল অনুমোদনহীন ড্রোন, হাতেনাতে জব্দ

বিমানবন্দরের ভিআইপি এলাকায় উড়ছিল অনুমোদনহীন ড্রোন, হাতেনাতে জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় একটি ড্রোন জব্দ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩৭ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপ খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে জব্দ করা হয়। ড্রোনটির মডেল ডিজেআই ম্যাভিক ৪ প্রো। 

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, পূর্বানুমতি ব্যতিরেকে বিমানবন্দর এলাকায় ড্রোনটি উড্ডয়ন করা হচ্ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। বিষয়টি বিদ্যমান বিধিবিধানের পরিপন্থি। ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় বেবিচক।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক।