সাংবাদিক-পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন : ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে যেতে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। তারা মোবাইলফোন না নিয়ে যেতে পারলে কাজ করবেন কীভাবে? পরিপত্রে এটা ক্লিয়ার করে দেওয়া যেত, যেটা করা হয়নি। এটা নিয়ে পুনরায় ক্লিয়ার করা হবে।
এর আগে দুপুরে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ায় বিধিনিষেধ আরোপের কথা জানায় ইসি। এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।
এ ছাড়া অন্যরা কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।