সন্ধ্যায় শপথ নেবেন সারোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সন্ধ্যা ৭টায় শপথ নেবেন তিনি।
এ তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য সারোয়ার আলমগীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় শপথ বাক্য পাঠ করবেন। শপথ বাক্য পাঠ করাবেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীরের নাম-ঠিকানা সম্বলিত প্রজ্ঞাপন ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।





