logo

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে: ইফতেখারুজ্জামান

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে: ইফতেখারুজ্জামান

নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি এবং সম্প্রদায়বাদ ২১ ফেব্রুয়ারির মূল মূল্যবোধের পরিপন্থি। বিশেষ করে বাংলাদেশের সব মানুষের সমান অধিকার পরিপন্থি যত শক্তি আছে, সেটাকে প্রতিহত করা হচ্ছে ২১ চেতনার মূল বিষয়। 

তিনি বলেন, নারী, ধর্মীয় ও আঞ্চলিক সংখ্যালঘু, আদিবাসী এবং প্রতিবন্ধী এ ধরনের প্রান্তিক যত জনগোষ্ঠী আছে, তাদের সবার সমান অধিকার নিয়ে জীবনযাপনের মৌলিক অধিকার। সেই অধিকারে পরিপন্থি শক্তিকে প্রতিহত করতে হবে।

এই অধিকারগুলোর পথে বাধা হিসেবে তিনি দুর্নীতি এবং ধর্মীয় উগ্রবাদকে চিহ্নিত করে বলেন, এ বাধাগুলো নির্মূল করতে হবে যাতে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হয় এবং ভাষা অনুশীলনে কোনো বাধা না থাকে।

টিআইবির নামকরণ বাংলায় রাখার বিষয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি আন্তর্জাতিক সংস্থা। এটার নামটাই এভাবে প্রতিষ্ঠিত। আমি যেটি বলতে চাই, ভাষার আন্দোলন বাংলা ভাষার আন্দোলন তার অর্থ এই ছিল না অন্য সব ভাষা বর্জন করতে হবে। অন্য সব ভাষার গুরুত্ব নেই এটা কিন্তু আমাদের শহীদের চেতনার মধ্যে ছিল না। বাংলাদেশেও তো অন্য ভাষা আছে। 

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আজ যখন আমরা ভাষার অধিকারের কথা বলি, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধটি কোথা থেকে এসেছে? এর মূল অর্থই হচ্ছে—প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।