logo

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

​লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ে এলাকার যেব্দীন নামক স্থানে তাদের আবাসস্থলে এই হামলার ঘটনা ঘটে।

​নিহত দুই প্রবাসী হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।

​পারিবারিক ও দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদরের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির সন্তান। মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার মো. আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান। তারা দুজনেই জীবিকার তাগিদে লেবাননে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে যেব্দীন এলাকায় নিজেদের বাসস্থানে অবস্থানকালে হঠাৎ ইসরায়েলি বিমান বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় তাদের আবাসন এলাকা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই দুই প্রবাসী। ​বর্তমানে তাদের মরদেহ লেবাননের নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

এই ঘটনায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় দূতাবাস জানায়, ​লেবানন প্রবাসী এই দুই রেমিট্যান্সযোদ্ধার অকাল মৃত্যুতে দূতাবাস গভীরভাবে শোকাহত। আমরা মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।