ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি

অপশক্তি আবহমান বাংলা গানকে তার সমৃদ্ধ উত্তরাধিকার থেকে শিকড় বিচ্ছিন্ন করতে চায় মন্তব্য করে ছায়ানট সভাপতি সারওয়ার আলী বলেন, ভয় দেখিয়ে গান থামানো যাবে না।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানী রমনার বটমূলে ‘বর্ষবরণ-১৪৩৩’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ছায়ানট সভাপতি বলেন, যে সংগীত বাঙালির আনন্দ, বেদনা, মিলন ও বিরহ সংকটের সঙ্গী; যে সংগীত মুক্তিযুদ্ধ থেকে সব অধিকার অর্জনে আমাদের অবলম্বন; যে সংগীত জাতিধর্ম-নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে; কোনো অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে এই সংগীত থেকে ভয় দেখিয়ে নিরস্ত্র করতে চায়। আবহমান বাংলা গানের সংস্কৃতির যে বৈচিত্র্য তা থেকে শিকড় বিচ্ছিন্ন করতে চায়। ভয় দেখিয়ে গান থামানো যাবে না।
বিগত বছরের কিছু অপ্রীতিকর ও দুঃসহ স্মৃতির কথা স্মরণ করেন তিনি বলেন, গত বছরও রমনার বটমূলে শান্তিপূর্ণভাবে নববর্ষ পালিত হয়েছিল এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানও হয়েছে সুশৃঙ্খলভাবে। কিন্তু তার পরবর্তী সময়ে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং উদীচীসহ বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো আমাদের স্মরণে জেগে ওঠায় ২০০১ সালে এই রমনার বটমূলে ভয়াবহ অঘটন।
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট টেনে সারওয়ার আলী বলেন, বর্তমানে মার্কিন-ইসরায়েলি নিগ্রহের কারণে পারস্য সভ্যতা আজ সংকটের মুখে, যা বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলেছে। এই প্রতিকূল সময়ে নতুন বছরের সকালে কামনা করি বিশ্বশান্তি।