হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে মোট ১ লাখ ৪২ হাজার ৭৯৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ ছাড়া এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ শিশু।



