অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা কে কোথায়

চব্বিশের ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট ক্ষমতায় আসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি শেষ হয় অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় নতুন সরকার।
অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর উপদেষ্টারা কে কোথায় আছেন, কী করছেন—এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন
দায়িত্ব ছাড়ার পর সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানের নিজস্ব বাসভবনে ওঠেন। মন দেন অসুস্থ স্ত্রীর সেবায়। একইসঙ্গে ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ) তত্ত্ব এবং নতুন সামাজিক ব্যবসা নিয়ে কাজ চালিয়ে যান। এর মধ্যে বিদেশ সফরও করেছেন তিনি।
সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকায় অবস্থান করছেন।
নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গবেষণা ও লেখালেখিতে সময় পার করছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে পারেন বলেও শোনা গেছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ফিরে গেছেন। নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। ব্যাংকিং খাত সংস্কার নিয়ে পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি।
সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ক্যান্টনমেন্টের বাসায় অলস সময় কাটাচ্ছেন।
লেখালেখি করে সময় পার করছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
উত্তরায় নিজের কর্মস্থল ব্রতীর কার্যালয়ে যাচ্ছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সহকর্মীদের সঙ্গে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষ করেই ১৮ ফেব্রুয়ারি বেলাতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সম্প্রতি তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় আছেন বলে খবর পাওয়া গেছে।
বারিধারা পার্ক রোডে বাস করছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। দুটি বই লেখার কাজে হাত দিয়েছেন। অবসর সময়ে ছবি আঁকছেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজ ব্যবসা আকিজ-বশির গ্রুপে ফিরেছেন। সেখানে সময় দিচ্ছেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম পুরোনো কর্মস্থল গ্রামীণ ব্যাংকে ফিরেছেন। অধিকারে ফিরেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছেন। বর্তমানে নিয়মিত ক্লাস করাচ্ছেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামের আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ায় শিক্ষকতা শুরু করেছেন। সেখানে সপ্তাহে দুদিন ক্লাস নেন তিনি।
এ ছাড়া শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নানা কাজে যুক্ত হয়েছন।
