আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে আন্তঃদেশীয় অপরাধ, অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের প্রস্তাব দেন সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


