logo

রাতে ৬৪ জেলাতেই কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

রাতে ৬৪ জেলাতেই কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা
প্রতীকী ছবি

গভীর রাত থেকে দেশের ৬৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১৩ মে) রাত ১টার দিকে কৃত্রিম ভূ-উপগ্রহ ও আবহাওয়া রাডার চিত্র বিশ্লেষণ করে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

তার ভাষ্য অনুযায়ী, আবহাওয়াবিজ্ঞানের পরিভাষায় এ ধরনের ঝড়কে ‘মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম বলা হয়। মোস্তফা কামাল পলাশ জানান, ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড অঞ্চলে সৃষ্ট শক্তিশালী বজ্রঝড় বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ঝড়টি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চলের চার বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি জেলাতেও ঝড়ের প্রভাব পড়তে পারে।

যেসব এলাকায় বেশি ঝুঁকি

রংপুর বিভাগ : রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে বিভাগের সব জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ : রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে বিভাগের সব জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। ময়মনসিংহ বিভাগ : ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে বিভাগের সব জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ : ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকা বিভাগ : রাত ৩টা থেকে সকাল ৮টার মধ্যে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও মাদারীপুর জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগ : রাত দেড়টা থেকে ভোর ৬টার মধ্যে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় হালকা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল ও চট্টগ্রামে সীমিত বৃষ্টির সম্ভাবনা

বরিশাল বিভাগের দুই–একটি জেলায় ভোরের দিকে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার ওপর দিয়েও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।