logo

পরিবহন ব্যবস্থার উন্নতি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পরিবহন ব্যবস্থার উন্নতি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক, রেলপথ ও নৌপথে প্রাণ ঝরেছে প্রায় ২৭৯ জনের। ঈদযাত্রায় এমন অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফাহিম ফারুকী বলেন, রাজবাড়ীর দৌলতদিয়ায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। দশজন ব্যতীত কেউ উঠতে পারেননি। অথচ সরকার এই মর্মান্তিক দুর্ঘটনায় দায় স্বীকার করে শোক প্রকাশ বা একটি বিবৃতিও দিতে পারেনি।

তিনি অভিযোগ করেন, সরকার নিহত পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে দিতে চায়। কিন্তু একটি জীবনের মূল্য ২৫ হাজার টাকা নয়। যে স্বামী তার নববধূ হারিয়েছেন কিংবা যে পিতা তার সন্তান হারিয়েছেন, সে-ই জানে একটি জীবনের মূল্য কত।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ও নিহত সব পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। ফাহিম ফারুকী অভিযোগ করে বলেন, জ্বালানি তেল নিয়ে পাম্প মালিকরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে। এ সংকট নিরসনে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঞ্চ-২৪-এর আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক, রেলপথ ও নৌপথের অব্যবস্থাপনার উন্নতি না হলে রাজপথে কঠোর আন্দোলন করবে মঞ্চ-২৪।

উল্লেখ্য, এবারের ঈদযাত্রায় ১৭-২৬ মার্চ ৩৪৩টি দুর্ঘটনায় ২৭৯ জন নিহত হয়েছেন বলে এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।